১৪৫ ধারার নোটিশ পেলে কী করবেন?

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৫ ধারা মূলত স্থাবর সম্পত্তি নিয়ে উদ্ভূত বিরোধের কারণে “শান্তিভঙ্গের আশঙ্কা” দেখা দিলে জারি করা হয়। এই ধারার মূল লক্ষ্য হলো—বিরোধপূর্ণ সম্পত্তিতে শান্তি বজায় রাখা এবং প্রকৃত দখলদার কে, তা নির্ধারণ করা। এটি মালিকানা নির্ধারণের কোনো দেওয়ানি মামলা নয়, বরং শান্তি রক্ষামূলক সংক্ষিপ্ত ফৌজদারি প্রক্রিয়া, যা সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালিত হয়।

১৪৫ ধারার নোটিশ পেলে আপনার করণীয়

ধারা ১৪৫-এর উদ্দেশ্য মালিকানা নির্ধারণ করা নয়। এখানে আদালত কেবলমাত্র একটি প্রশ্নের উত্তর খোঁজেন—বিরোধপূর্ণ সম্পত্তিতে প্রকৃত দখলে কে ছিলেন। এই ধারায় প্রদত্ত আদেশ সাময়িক এবং পরবর্তী দেওয়ানি আদালতের রায়ের অধীন। ১৪৫ ধারার মামলায় আদালত কোনো জেল, জরিমানা বা কোনো প্রকার শাস্তির আদেশ দেয় না, তাই এ ধারার নোটিশ পেলে ভীত না হয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ আপনার কার্তব্য।

১. প্রাথমিক পদক্ষেপ

শান্তি বজায় রাখা: নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম করণীয় হলো শান্ত থাকা এবং বিরোধপূর্ণ সম্পত্তিকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করা। ধারা ১৪৫-এর পুরো প্রক্রিয়ার ভিত্তিই যেহেতু শান্তিভঙ্গের আশঙ্কা, তাই এই পর্যায়ে যেকোনো উসকানিমূলক আচরণ আপনার বিপক্ষে যেতে পারে।

নোটিশের বিষয়বস্তু যাচাই: নোটিশটি মনোযোগ দিয়ে পড়ে দেখতে হবে—কোন সম্পত্তি নিয়ে বিরোধ, কী কারণে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়েছেন এবং কোন তারিখে শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে। নোটিশটি সঠিক ব্যক্তির নামে জারি হয়েছে কি না, সেটিও যাচাই করা জরুরি। একই সঙ্গে নির্ধারিত তারিখে আদালতে হাজির হওয়ার প্রস্তুতি নিতে হবে, কারণ অনুপস্থিত থাকলে একতরফা আদেশ দেওয়ার ঝুঁকি থাকে।

আইনজীবীর সাথে পরামর্শ: এ পর্যায়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যিনি ফৌজদারি কার্যবিধি ও ভূমি আইনে পারদর্শী।

২. আদালতে জবাব দাখিল

অস্বীকার ও দাবি উত্থাপন: ধারা ১৪৫-এর নোটিশের জবাবে ম্যাজিস্ট্রেট আদালতে একটি লিখিত জবাব দাখিল করতে হয়। এই লিখিত জবাবে স্পষ্টভাবে বাদীর উত্থাপিত দাবিকে অস্বীকার করতে হবে এবং আপনার মূল দাবি উত্থাপন করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দখল।

দখল সংক্রান্ত বিবৃতি: আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট বিবেচনা করবেন— পূর্ববর্তী দুই মাসের মধ্যে কাউকে জোরপূর্বক ও অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে কি না। ফলে আপনার লিখিত বক্তব্যে এই সময়সীমার মধ্যে আপনার দখলের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা অত্যাবশ্যক।

দলিলাদি দাখিল: লিখিত বক্তব্যের সঙ্গে দখলের পক্ষে প্রাসঙ্গিক দলিলাদি সংযুক্ত করা উচিত। যেমন-

ভূমির মালিকানা সংক্রান্ত দলিল (যদি থাকে);
ভূমি উন্নয়ন কর পরিশোধের হালনাগাদ দাখিলা;
নামজারি খতিয়ান (Mutation) ;
স্থানীয় কর্তৃপক্ষ/ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র (যদি থাকে);
বিদ্যুৎ, পানি, গ্যাস বিল (প্রযোজ্য ক্ষেত্রে);
ফসল ফলানো, ঘর নির্মাণ বা ভোগদখলের অন্যান্য প্রমাণ।

সাক্ষী তালিকা: দখল সম্পর্কে আপনার পক্ষে যারা সাক্ষ্য দিতে পারবেন—তাদের নাম ও বিবরণ সংযুক্ত করুন।

৩. শুনানিতে অংশগ্রহণ

শুনানির সময় ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের লিখিত বক্তব্য, সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করেন।

সাক্ষ্য ও জেরা : শুনানির সময় আপনার আইনজীবী আপনার সাক্ষীদের জবানবন্দী পেশ করবেন এবং প্রতিপক্ষের সাক্ষীদের জেরা করবেন।

৪. ১৪৫ ধারার মামলায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

১৪৫ ধারার মামলায় আদালত মালিকানা বা চূড়ান্ত অধিকার নিয়ে কোনো সিদ্ধান্ত দেন না; কেবল বাস্তব দখলের বিষয়টি নির্ধারণ করেন।

প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যাকে দখলদার হিসেবে প্রতীয়মান মনে করবেন, তাকে সাময়িকভাবে দখলদার ঘোষণা করতে পারেন এবং আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদ না হওয়া পর্যন্ত তার দখলে হস্তক্ষেপ নিষিদ্ধ করতে পারেন।

জরুরি পরিস্থিতিতে তিনি সম্পত্তি ক্রোক করতে পারেন এবং দখল নির্ধারণ অসম্ভব হলে ধারা ১৪৬ অনুযায়ী রিসিভার নিয়োগের ক্ষমতাও তাঁর রয়েছে।

এছাড়া তিনি দেওয়ানি আদালতে মামলা করার পরামর্শ দিয়ে ১৪৫ ধারার প্রক্রিয়া বন্ধ করতে পারেন।

৪. আদেশ পরবর্তী পদক্ষেপ

এটি মনে রাখা অত্যন্ত জরুরি যে ধারা ১৪৫-এর আদেশ কখনোই চূড়ান্ত সমাধান নয়। এ মামলার আদেশ আপনার বিরুদ্ধে গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে।

দেওয়ানি মোকদ্দমা দায়ের: এই ধারায় আদালত শুধু দখল নির্ধারণ করেন, মালিকানা নয়। ফলে দখলদার হিসেবে স্বীকৃতি না পেলেও যদি নিজেকে বৈধ মালিক মনে করেন, তবে মালিকানা প্রমাণ ও দখল উদ্ধারের জন্য অবশ্যই আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে।

রিভিশন: যদি আপনার মনে হয় ১৪৫ ধারার প্রক্রিয়া ভুলভাবে শুরু হয়েছে বা ম্যাজিস্ট্রেট ভুল রায় দিয়েছেন, তবে আপনি ঊর্ধ্বতন আদালতে রিভিশন বা কোয়াশম্যান্টের আবেদন করতে পারেন।

শেষকথা

ধারা ১৪৫ কোনো মালিকানা যুদ্ধের মঞ্চ নয়; এটি দখলভিত্তিক একটি সাময়িক ও প্রতিরোধমূলক ব্যবস্থা, যার একমাত্র লক্ষ্য শান্তি বজায় রাখা। তাই এই ধারার নোটিশ পেলে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সময়মতো আইনজীবীর পরামর্শ, সঠিক কাগজপত্র ও সচেতন আইনি পদক্ষেপই পারে এই প্রক্রিয়ায় আপনার অবস্থান সুরক্ষিত রাখতে।

দায়মুক্তি
(Disclaimer)

এই নিবন্ধটি কেবলমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে লিখিত। মামলার ধরন ও পরিস্থিতি অনুযায়ী আইনি পরামর্শ ভিন্ন হতে পারে। যেকোনো আইনি সিদ্ধান্তে একজন নিবন্ধিত আইনজীবীর সাথে পরামর্শ করা জরুরি।

মো. নাজমুল হাসান, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট

Discover more from আইনের উন্মুক্ত পাঠশালা

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন ⤵️

×
পরামর্শ প্রয়োজন? এখানে চাপুন!