অনেকেই নিঃস্ব ও দেউলিয়া শব্দ দুটি প্রতিশব্দ মনে করে ভুল করেন। প্রকৃতপক্ষে, নিঃস্ব ব্যক্তি ও দেউলিয়া ব্যক্তি একই নয়। নিঃস্ব ব্যক্তির ধারণা দেওয়ানি কার্যবিধির সঙ্গে সম্পর্কিত। উক্ত আইনের আদেশ-৩৩-এ নিঃস্ব ব্যক্তি কর্তৃক মোকদ্দমার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অন্যদিকে, দেউলিয়া ব্যক্তির জন্য আলাদা আইন দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ প্রচলিত আছে। দেউলিয়া ব্যক্তির ধারণা দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। তবে কেউ কেউ নিঃস্ব ব্যক্তিকে ভুলবশত দেউলিয়া ভাবেন বিধায় বিষয়টি এখানে স্পষ্ট করা হয়েছে।
নিঃস্ব ব্যক্তি কে?
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮-এর আদেশ-৩৩-এর ১ নম্বর বিধি অনুযায়ী নিম্নোক্ত দুই ধরনের ব্যক্তির যেকোনো একজনকে নিঃস্ব ব্যক্তি বলা হবে:
১. মোকদ্দমা দায়েরের জন্য আইনে নির্ধারিত কোর্ট-ফি পরিশোধের ক্ষমতা যার নেই; অথবা
২. যেসব ক্ষেত্রে আইনে নির্ধারিত কোর্ট-ফি নেই, সেই ক্ষেত্রে প্রয়োজনীয় পোশাক-পরিচ্ছদ এবং মোকদ্দমার বিষয়বস্তু বাদ দিয়ে যার ৫ (পাঁচ) হাজার টাকার বেশি মূল্যের সম্পত্তি নেই।
পর্যবেক্ষণ: ‘মোকদ্দমার বিষয়বস্তু’ বলতে সেই সম্পত্তি বা অধিকারকে বোঝানো হয়, যেটিকে কেন্দ্র করে মোকদ্দমা দায়ের করা হয়। যে সম্পত্তি বা অধিকার নিয়ে মোকদ্দমা করা হচ্ছে তার বাজারমূল্য কোটি টাকা হলেও, উপরোক্ত দুইটি শর্তের যেকোনো একটি পূরণ হলে বাদীকে নিঃস্ব ব্যক্তি হিসেবে গণ্য করা হবে।
সংশ্লিষ্ট আলোচনা
মোকদ্দমার পক্ষসমূহ: বাদী ও বিবাদী
যৌথ বাদী বা বিবাদীর মোকদ্দমা
মোকদ্দমার বিষয়বস্তু
মোকদ্দমার স্বার্থ
দেউলিয়া ব্যক্তি কে?
একজন ব্যক্তিকে তখন দেউলিয়া বলা হয়, যখন তিনি দেনা পরিশোধে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন এবং দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ অনুসারে আদালত তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘দেউলিয়া’ ঘোষণা করেন। প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র ছাড়া তার অন্যান্য সকল সম্পত্তি আদালতের আদেশে একজন রিসিভার (Receiver)-এর তত্ত্বাবধানে চলে যায় এবং দেনা পরিশোধের জন্য ব্যবহার করা হয়।
নিঃস্ব কর্তৃক মোকদ্দমার আবেদন
নিঃস্ব ব্যক্তিকে নিঃস্ব হিসেবে মোকদ্দমার অনুমতি চেয়ে আবেদন করতে হয়। এই আবেদনই মোকদ্দমার আরজি হিসেবে গণ্য হবে।
আদেশ-৩৩-এর ২নং বিধি অনুযায়ী, নিঃস্ব হিসেবে মোকদ্দমার অনুমতি চেয়ে যে আবেদন করা হবে তাতে মোকদ্দমার আরজিতে যা যা থাকে তার সবই থাকতে হবে। আবেদনকারীর মালিকানাধীন সকল স্থাবর বা অস্থাবর সম্পত্তির একটি তালিকা আনুমানিক মূল্যসহ তফসিল আকারে দিতে হবে। আরজির সত্যপাঠ যেভাবে স্বাক্ষরিত ও সত্যায়িত হয়, সে একই পদ্ধতিতে এ আবেদনও স্বাক্ষরিত ও সত্যায়িত করতে হবে।
আবেদন দাখিল করতে হবে ব্যক্তিগতভাবে
নিঃস্ব ব্যক্তির আবেদন আবেদনকারীকে ব্যক্তিগতভাবে আদালতে পেশ করতে হবে। তবে যদি তিনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পান, তাহলে অনুমোদিত একজন প্রতিনিধির মাধ্যমে আবেদন পেশ করতে পারবেন। অনুমোদিত প্রতিনিধি এমন ব্যক্তি হবেন, যিনি আবেদন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং যেভাবে আবেদনকারী নিজেই জবানবন্দি দিতেন, সেইভাবে তার জবানবন্দি গ্রহণ করা যাবে। (আদেশ-৩৩, বিধি-৩)
পর্যবেক্ষণ: এই বিধি অনুযায়ী নিঃস্ব ব্যক্তি আইনজীবী নিয়োগ দিতে পারবেন না। তাকে মোকদ্দমা পরিচালনা করতে হবে ব্যক্তিগতভাবে অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে।
আবেদনকারীর জবানবন্দী গ্রহণ
নিঃস্ব ব্যক্তির আবেদন যথাযথ বিন্যাসে (in proper form) এবং যথাযথভাবে আদালতে দাখিল করা হলে, আদালত যদি যথোপযুক্ত মনে করেন, তাহলে আবেদনের গুণগত দিক ও আবেদনকারীর সম্পত্তি সম্পর্কে আবেদনকারীর জবানবন্দি গ্রহণ করতে পারেন। যেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে আবেদন করার অনুমতি মিলবে, সেই ক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধির জবানবন্দি গ্রহণ করবেন। (আদেশ-৩৩, বিধি-৪(১))
আবেদনটি প্রতিনিধির মাধ্যমে দাখিল করা হলে, যদি আদালত যথোপযুক্ত মনে করেন তাহলে কমিশন পাঠিয়ে স্বয়ং আবেদনকারীর জবানবন্দী গ্রহণের আদেশ দিতে পারেন। একজন কমিশন যে উপায়ে (in the manner) অনুপস্থিত সাক্ষীর জবানবন্দী গ্রহণ করেন, এক্ষেত্রে একই উপায় অবলম্বন করা হবে। (আদেশ-৩৩, বিধি-৪(২))
পাঁচ কারণে আবেদন খারিজ হতে পারে
আদেশ-৩৩, বিধি-৫ অনুসারে, নিঃস্ব ব্যক্তি হিসেবে মোকদ্দমা করার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ (Rejection of application) হতে পারে নিম্নোক্ত পাঁচ কারণে:
ক) অত্র আদেশের বিধি ২ ও ৩ অনুযায়ী আবেদনটি প্রস্তুত বা পেশ করা না হলে;
খ) আবেদনকারী নিঃস্ব না হলে;
গ) আবেদনকারী যদি আবেদন দাখিলের পূর্ববর্তী দুই মাসের মধ্যে প্রতারণামূলকভাবে অথবা নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার অনুমতি পাওয়ার উদ্দেশ্যে কোনো সম্পত্তি হস্তান্তর করে থাকেন;
ঘ) তার অভিযোগে মোকদ্দমার কারণ (Cause of action) প্রকাশ না পেলে;
ঙ) যদি তিনি মোকদ্দমার বিষয়বস্তু নিয়ে এমন কোনো চুক্তি করেন, যার ফলে অন্য কোনো ব্যক্তি উক্ত বিষয়ে কোনো স্বার্থ লাভ করেন।
মিফতাহুর রহমান, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট
Discover more from আইনের উন্মুক্ত পাঠশালা
Subscribe to get the latest posts sent to your email.
